১৯৪. মৃত্যু ধ্বনি

মৃত্যু ধ্বনি
___নজরুল বিন রশিদ

বন্য রাজা হন্যে হয়ে
হরিণ ধেয়ে ধরে,
আকাশ পানে মেঘেরা সব
সূর্যটা গ্রাস করে।

ঈগল পাখি ঝাঁপটি মারে
মুরগি ছানার গায়,
নাগিনারা ফণা তুলে
ছোবল মারে পায়।

সাগর জলে কুমির রাজা
সিংহ রাজা বনে,
কুনোব্যাঙও রাজা সাজে
গুপ্ত মানিক ধনে।

এমন করে পশুর ভেতর
অত্যাচারের মেলা,
মানব কুলে খুঁজতে মানুষ
কেটে যাবে বেলা।

তড়িৎ বেগে ছুটছে মানুষ
ব্জ্র হেঁকে বেজায়,
মাটিভেদে উঠছে পাথর
তরুরাজও ঘুমায়।

দোষ কী পশুর বিধির নিয়ম
শক্তি লাগায় কাজে,
মানুষ কেন বাঘের থাবায়
বন্যপশু সাজে?

স্বর্গে এখন নরক জ্বলে
মর্গে শত লাশ,
পাখির ঝরা পালক ঝরে
হৃদে হা হুতাশ।

বিশ্ব মাঝে নিস্ব নীতি
দৃশ্য বড় ভয়
আগুন দানার স্তুপ বেঁধেছে
অত্যাচারীর জয়।

ধ্বংস নিশান উড়ছে ভেদি
সত্যকে দেয় চাপ,
মিথ্যা এসে ভিত্তি নাড়ে
দিচ্ছে মরুর তাপ।

রঙ্গরসে রক্ত পথে
জান ধরে কে টানে?
অস্ত্র কেন বুকের ভেতর
দিচ্ছে বুলেট প্রাণে?

সবুজ কেন রক্ত লালে
ফের ভেজাল ভূমি?
গায় না কেন দোয়েল-শ্যামা
দেয় না অধর চুমি?

হাহাকারে ভিড় জমেছে
ডুবছে তরী খানি,
ক্ষণে ক্ষণে শুনি যেন
বাজছে মৃত্যু ধ্বনি।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)