পুজিবাদ এবং বিলুয়ারা
বড় স্যারে কুকুর পোষেন, নাম রেখেছেন ‘ফুজি’
খানাপিনায় কুকুরটা তাঁর, ভীষণ রকম চু’জি!
নাস্তাতে তার একঘটি দুধ, তার সাথে পাওরুটি!
ভোর না হতেই, নাস্তা হাজির, ধরবে সে তাও ত্রুটি
দশ ঘটিকায় স্যূপ খাবে সে, আওয়াজ ছুড়ুৎ-ছুড়ুৎ
এক বাটি তার মোরগের স্যুপ, এক পলকেই ফুরুৎ!
গোশত লাগে কেজি খানেক, দুপুর বেলার ভোজনে
ভীষণ মুডে চোখ বাঁকাবে, কম যদি হয় ওজনে!
নৈশভোজেও গোশত লাগে, সাথে সিদ্ধ ছোলা
ভাবখানা তার এমন যেন, বড় লোকের পোলা!
কাজের মেয়ে বিলুয়ারা, কুকুরটাকে খাওয়ায় রোজ
কিন্তু নিজে, খেল কী-যে, কেউ কোন দিন নেয়নি খোঁজ!
Comments
Post a Comment